রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে সই করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই আসন দুটির দলীয় মনোনয়নপত্রে সশরীরে উপস্থিত হয়ে সই করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনি সমন্বয়কদের সাথে নিয়ে এক সংক্ষিপ্ত সভায় বসেন তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফেরার পর এটিই তার প্রথম কোনও নির্বাচনি দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ।
উল্লেখ্য, রোববার ভোটার তালিকায় নাম উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক রোববার বিকেলে বলেছেন, জনাব তারেক রহমান সাহেবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসিতে আরও চার সদস্য রয়েছে। তাদের সম্মতিতে বিএনপি নেতার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গৃহীত হলো।
সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে। ২৫ বছর বয়সি ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারেন।
এর আগে শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন তারেক রহমান।
এরপর ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকায় নাম তুলতে বিএনপি নেতা শনিবার আনুষ্ঠানিকতা সারলেও তালিকায় অন্তর্ভুক্ত হতে সময় লাগবে একদিন।
২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি।
তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন।
যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তুলেছেন।
আরটিভি/কেআই