images

রাজনীতি

খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমেদ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৯:০২ এএম

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা ও দলের শীর্ষ নেতারা। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। তবে জানাজার সময়সূচি ও দাফনস্থল সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন।

সর্বশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি আর চিকিৎসায় সাড়া দেননি।

আরও পড়ুন
khaleda-zia

খালেদা জিয়ার জানাজার সময় নিয়ে যা জানাল বিএনপি

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে