images

রাজনীতি

এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহ যে পথে নেওয়া হবে

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৬ এএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নেওয়ার জন্য নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত রুট অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান–২ এলাকার বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

সেখান থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হবে মরদেহবাহী গাড়ি। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

আরটিভি/এসকে