বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫৭ এএম
বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে হাসপাতাল থেকে মরদেহ বের করে গুলশানে নেওয়া হচ্ছে।
গুলশান এভিনিউয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে বেগম জিয়ার মরদেহ নেয়া হচ্ছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন এই নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীতে দলে দলে মানুষ জড়ো হতে শুরু করেন। এছাড়া মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিদল। জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।
আরটিভি/এসকে