images

রাজনীতি

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০২:৫০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।

আরও পড়ুন
Web-Image16

ব্যবসার পরিবেশ সহজ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু

এর আগে, গত সোমবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জোটে থাকবে কি-না সেই বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেবে।
 
সাম্প্রতিক জোটের অভ্যন্তরের কিছু বিষয়ে টানাপোড়েন নিয়ে দুপুরে নিজ নিজ দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনা করার কথা দল দুটির। তবে জামায়াত সংশ্লিষ্টরা বলে আসছেন, সব দূরত্ব দূর করে দেশের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনে অংশ নেবে সবাই।

পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮টি রাজনৈতিক দল। পরে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে গত ডিসেম্বরে যুক্ত হয় এনসিপিসহ আরও চারটি দল। তবে শেষে যুক্ত হওয়া চারটি দল নিয়ে বেশ কদিন যাবৎ টানাপোড়েন চলছিল জোটটির অভ্যন্তরে।
 
জামায়াতের একটি সূত্র জানিয়েছে, ১৮০ থেকে ১৯০টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী।

আরটিভি/এস