images

রাজনীতি

জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, যত আসনে লড়বে এনসিপি

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০৯:৪২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জোটের শরিক দলগুলোর মধ্যে লিয়াজোঁ কমিটির দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ঘোষিত তালিকা অনুযায়ী শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের পক্ষ থেকে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোটের প্রধান দল হিসেবে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে লড়বে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি এবং খেলাফত মজলিস ১০টি আসন পেয়েছে। জোটের অন্যান্য শরিকদের মধ্যে এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি এবং বিডিপি ও নেজামে ইসলাম ২টি করে আসনে মনোনয়ন পেয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

সংবাদ সম্মেলনে জানানো হয় জোটের আরও তিনটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং খেলাফত আন্দোলনের আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান এই দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং দ্রুতই তা সমাধান হবে।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতাদের মধ্যে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় অংশ নেন। 

আরটিভি/এআর