images

রাজনীতি / রাজধানী

আজ ফের নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করবে ছাত্রদল

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ১০:৪৯ এএম

নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে, গতকাল ছাত্রদলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশন ভবনে গিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। ওই প্রতিনিধিদলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। বৈঠকে তিনটি ইস্যু নিয়ে ছাত্রদলের দাবি কমিশনের কাছে তুলে ধরা হয়। কমিশন আশ্বস্ত করেছে যে, তারা এসব বিষয় যৌক্তিকভাবে বিবেচনা করবে।

বৈঠকের পর রাকিবুল ইসলাম রাকিব জানান, আজকের অবস্থান কর্মসূচি শেষ ঘোষণা করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল আবারও নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করা হবে। তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। সেই সময় যদি কোনো ষড়যন্ত্র বা মব সৃষ্টি হয়, তাহলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি রাজনৈতিক গোষ্ঠী মব তৈরি করে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা নির্বাচনে অংশ নিতে চায় না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও এমন মব গঠন হয়েছে। এসব বিষয় নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে এবং তারা এগুলো বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন
7

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

অন্যদিকে পোস্টাল ব্যালট নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচন হচ্ছে। তবে তার আয়োজন দুর্বলভাবে পরিচালিত হয়েছে। নির্বাচনের আগেই জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পৌঁছে গেছে যা ২০১৮ সালের ‘রাতের ভোট’ ঘটনা মনে করিয়ে দেয়। এই বিষয়টি কমিশনের কাছে তোলা হয়েছে এবং তারা স্বীকার করেছে সমস্যাটি রয়েছে ও দ্রুত সমাধান করবে।

আজ বেলা ১১টার পর থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের শীর্ষ নেতা ও হাজারো কর্মী অবস্থান নেবেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল কমিটির নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আরটিভি/এসকে