images

রাজনীতি / রাজধানী / নির্বাচন

আমার কাছে সরাসরি আসতে পারবেন, কোনো মাধ্যমের প্রয়োজন নেই: হাবিব

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৬:২৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি এই এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষের দুঃখ, কষ্ট ও চাহিদাকে নিজের দুঃখ মনে করি। এসব দূর করতে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ সরাসরি আমার কাছে আসতে পারবেন। এ জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। 

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী সবুজবাগের ৭৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, এলাকার মানুষের সকল ধরণের সমস্যার মধ্যে আমি প্রতিনিয়ত হেঁটে বেড়াই। ভাঙা রাস্তা, সংকীর্ণ পথ, ভরাট খাল সবই আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা শুধু আমাদের ন্যায়সম্মত ও প্রাপ্য অধিকার চাই।

আরও পড়ুন
Rtv

বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে বড় চাহিদা রয়েছে। এলাকার জন্য আরও হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং হাসপাতালের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া মাঠ ও ইনডোর আউটডোর খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

হাবিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি সকাল-বিকাল এলাকায় থাকব, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখব। আমার সঙ্গে দেখা করতে কোনও রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না। এলাকার মানুষ তাদের ন্যায়সঙ্গত অধিকার পাবেন।

তিনি এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দায়িত্ব নেওয়ার কথাও বলেন। এলাকায় যে অন্যায় হচ্ছে, তা আমি পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

হাবিব বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়, এটি কৃষকের হাসি, মজুরের ঘাম, মায়ের নিরাপত্তা ও যুবকের ভবিষ্যতের নিশ্চয়তা। তিনি আরও বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের আচরণে যেন কোনও ভোটার কষ্ট না পায়, সে ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। আমাদের রাজনীতি হবে দেশপ্রেম ও এলাকার মানুষের কল্যাণকে কেন্দ্র করে। 

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি আমার দিকে নজর রাখেন, আমি আপনাদের আশা ও আস্থা বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাবো। 

আরটিভি/এমআই