শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৮:০৩ পিএম
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামীদিনে কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমি আপনাদের সন্তান, আমার দ্বারা কেউ কখনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং হবেনও না। আগামীর বাংলাদেশে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে। ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও থানায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তর নন্দীপাড়া পানির পাম্প রোডে অবস্থিত নন্দীপাড়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পাশে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে সবাইকে একত্রে যেতে হবে। ঢাকাকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং ঢাকা-৯ এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করতে হবে।
তিনি বলেন, দলের কোনো নেতাকর্মী যদি মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, অন্যায়ের সঙ্গে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
হাবিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, নিজে দীর্ঘদিন অসুস্থ থেকেছেন তবুও তিনি কারো সাথে আপোষ করেননি। দেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। আগামীর বাংলাদেশে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে।
১২ ফেব্রুয়ারীর এই নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশ আবার অস্থিতিশীল হয়ে যেতে পারে, যদি না আমরা ঐক্যবদ্ধ থাকি। এই শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।
তিনি বলেন, এই এলাকায় অনেক জায়গায় গ্যাস নাই, পানি নাই, মা-খালারা কষ্ট করে যাচ্ছেন। নির্বাচিত হলে তাঁদের কষ্ট দূর করবো ইনশাআল্লাহ। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কিশোরদের খেলাধুলা করা প্রয়োজন। ছেলেমেয়েদের শারীরিক বৃদ্ধির জন্য খেলার মাঠের প্রয়োজন। এ জন্য আমরা এলাকায় বেশি বশি খেলার মাঠ তৈরি করবো।
নিজের শিক্ষাজীবন ও রাজনৈতিক দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। হাবিব জানান, তিনি আইডিয়াল স্কুল থেকে এসএসসি, সিটি কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।
হাবিবুর রশিদ হাবিব সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ইনশাল্লাহ সবাই মিলে ঢাকা-৯ আসনকে একটি সুন্দর ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
আরটিভি/এমআই