images

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তিনি বলেন, তলাবিহীন ঝুড়ির দুর্নাম ঘুচিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ভাষণের একপর্যায়ে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এবং ক্ষমতায় গেলে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে দৃঢ় থাকবে।

এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ইশতেহার ঘোষণার পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন
tareq33

বিএনপির ইশতেহার ঘোষণা, যা আছে এতে 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ একটি নতুন ইতিহাসের সূচনা হচ্ছে। আজ নতুন নেতৃত্বের আবির্ভাব। সেই নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে। জটিল রাজনৈতিক বাস্তবতায় তিনি নতুন বার্তা নিয়ে জাতিকে পথ দেখাবেন।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে