images

রাজনীতি

বিএনপির বিজয় অনিবার্য : মাহদী আমিন

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বিএনপির পক্ষ থেকে বড় ধরনের জয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন দাবি করেন, সারাদেশে ধানের শীষের যে জোয়ার দেখা গেছে তাতে বিএনপির বিজয় এখন অনিবার্য। তবে চূড়ান্ত ফলাফল সরকারিভাবে ঘোষিত না হওয়া পর্যন্ত ভোট গণনাকেন্দ্রসহ সংশ্লিষ্ট এলাকায় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, দেশের জনগণ এক বুক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ইনশাআল্লাহ, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সাধারণ মানুষের সেই আস্থার প্রতিদান অত্যন্ত আন্তরিকভাবে প্রদান করবে। 

আরও পড়ুন
fakhrul

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 

একইসঙ্গে তিনি এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে এবং সহিংসতায় যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

তবে নির্বাচনের আগের রাত থেকে শুরু হওয়া বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, একটি বিশেষ মহল এই নির্বাচনকে বিতর্কিত করতে কালো টাকার মহোৎসব ও সহিংসতার পথ বেছে নিয়েছিল। 

তিনি অভিযোগ করেন, বিএনপির সঙ্গে প্রতিপক্ষ দলের যে বিশাল জনপ্রিয়তার পার্থক্য রয়েছে, তা ঢাকতেই ভোটারদের হুমকি প্রদান এবং ভোটকেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার ঘৃণ্য অপচেষ্টা চালানো হয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো না ঘটলে ভোটার উপস্থিতি আরও অনেক বেশি হতে পারত বলে তিনি দাবি করেন।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, অনেক জায়গায় আগে থেকেই সিল মারা ব্যালট উদ্ধার করা হয়েছে এবং মৃত ব্যক্তির নামেও ভোট দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটেছে। 

তিনি একে ‘ফ্যাসিবাদী আমলের অপসংস্কৃতি’ হিসেবে উল্লেখ করে বলেন, ভুয়া পর্যবেক্ষক ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ে বিএনপি আগে থেকেই নির্বাচন কমিশনকে অবহিত করেছিল। কমিশন কিছু ব্যবস্থা নিলেও তা আরও জোরালো ও আন্তরিক হওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন দৃঢ় কণ্ঠে বলেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশের বিজয়। কোনো অপচেষ্টাই জনগণের রায়কে স্তিমিত করতে পারবে না। 

আরটিভি/এআর