বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই ভোটের লড়াই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ উভয় আসনেই জামায়াত সমর্থিত ও জোটপ্রার্থীরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মেহেরপুর-১ সংসদীয় আসনে মোট ১২৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে ভোট গণনা শেষে দেখা গেছে যে, জামায়াত সমর্থিত জোটপ্রার্থী তাজউদ্দীন খান তার প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনেও পরিবর্তনের হওয়া বইতে শুরু করেছে। এই আসনে মোট ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জামায়াত সমর্থিত প্রার্থী নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। এই আসনে দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৪৭৯।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় টানটান উত্তেজনার ভোট গণনা।
আরটিভি/এআর