শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের জোয়ারে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও হেভিওয়েট প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দলীয় একাধিক সূত্র এই চাঞ্চল্যকর ও আনন্দের খবরটি নিশ্চিত করেছে।
নির্বাচনি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সালাহউদ্দিন আহমদ মোট ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ের মুকুট পরেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৯৪ হাজার ৪৪৭টি।
পরিসংখ্যান অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন ভোটার ছিলেন এবং প্রার্থী ছিলেন ৩ জন। যদিও লড়াই মূলত দ্বিমুখী ছিল।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা চলাকালীন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।
আরটিভি/এআর