শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৯ এএম
বগুড়া জেলাজুড়ে বইছে ধানের শীষের জয়জয়কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনের সবকটিতেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং সহকারী রিটার্নিং অফিসার জাহিদ ইবনে আবুল ফজল পৃথকভাবে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সাতজন প্রার্থীই জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ১৫০টি কেন্দ্রের ফলাফলে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিল্টন ১৭৩টি কেন্দ্রে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
অন্যান্য আসনগুলোর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।
একইভাবে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, যেখানে মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনেও ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ১৮৮টি কেন্দ্রে ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯৬ ভোট।
আরটিভি/এআর