শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
লুনা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী। বিপুল ভোটের ব্যবধানে তিনি সিলেট বিভাগে প্রথম নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার সময় বিশ্বনাথ উপজেলার সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১।
এ আসনের ১২৮টি কেন্দ্রের ফলাফলে আরও দেখা যায়, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট। লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মাহবুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৬৩২ ভোট।
আরটিভি/এমআই