শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এই অর্জনকে সাধারণ মানুষের বিজয় হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেন, এই বিজয় কেবল বিএনপির একার নয়, বরং এটি সমগ্র বাংলাদেশের এবং দীর্ঘ প্রতীক্ষিত গণতন্ত্রের বিজয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের বার্তা দিয়েছে।
মাহদী আমিন আরও বলেন, বিএনপি সবসময় গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে ছিল। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আজকের এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। বিএনপির ওপর সাধারণ মানুষ যে বিশাল প্রত্যাশা ও আস্থা রেখেছে, ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সেই আস্থার পূর্ণ প্রতিফলন ঘটাবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং দেশে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।
বিগত দিনের প্রতিকূল পরিস্থিতির কথা স্মরণ করে বিএনপির এই মুখপাত্র বলেন, দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রায় দলকে অসংখ্য গুম, হামলা, মামলা এবং শত শত শহীদের আত্মত্যাগের মোকাবিলা করতে হয়েছে। বিএনপির আগামীর সরকার ও নেতা তারেক রহমান শহীদদের মায়েদের চোখের পানির মূল্য দেবেন এবং তাদের সেই অপূরণীয় প্রত্যাশা পূরণে কাজ করবেন। তার নেতৃত্বের মূল লক্ষ্যই হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে সুসংহত রাখা।
নির্বাচন পরবর্তী সময়ে দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মাহদী আমিন জানান, বিএনপির বিজয় মানেই হলো একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের সূচনা। তিনি নেতাকর্মীদের শান্ত থেকে বিজয়ের আনন্দকে সাধারণ মানুষের সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে এবং বিভিন্ন নির্বাচনি এলাকায় বিজয়ী প্রার্থীদের নামে আনন্দ মিছিল শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল বিজয় মিছিলকে শান্তিপূর্ণ রাখার জন্য বিশেষ তদারকি করা হচ্ছে।
আরটিভি/এআর