images

রাজনীতি / নির্বাচন

তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই: এ্যানি

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বো। এটি একটি কঠিন দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে। সবার ঐক্য ও সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে চাই। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

সদ্য নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবাইকে মিলেমিশে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
Annie_0122666

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী এ্যানি বেসরকারিভাবে নির্বাচিত

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে তারেক রহমানের নির্দেশে সারাদেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে লক্ষ্মীপুরেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে এ্যানি সর্বশেষ ঘোষিত ফলাফলে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট। উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আরটিভি/এমআই