images

রাজনীতি

বিএমইউতে ডা. রফিকুল ইসলামের শয্যাপাশে মির্জা ফখরুল

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৫৯ পিএম

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। হাসপাতাল সূত্র জানায়, মহাসচিব কিছু সময় কেবিনে অবস্থান করেন এবং চলমান চিকিৎসা পদ্ধতি ও ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

উপস্থিত চিকিৎসকরা জানান, ডা. রফিকুল ইসলামের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল তার সার্বিক শারীরিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা ও মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান ও ডা. তাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন এবং প্রচার সম্পাদক শামীম আহম্মদসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

হাসপাতাল ও দলীয় সূত্রে আরও জানা যায়, ডা. রফিকুল ইসলামের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে যথাযথ চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্য নীতিনির্ধারণী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

আরটিভি/এসকে