বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালে ক্ষমতা আরোহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে পিলখানার ঘটনা ঘটে। ঘটনার দায় তৎকালীন বিরোধী দলসমূহের ওপর চাপানোর নোংরা কসরতে নেমে পড়ে সরকার। ফলে হত্যাকাণ্ডের রহস্য চাপা পড়ে যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিলখানা ট্র্যাজেডি নিয়ে এক পোস্টে জামায়াত আমির এ মন্তব্য করেন।
পোস্টটি হুবহু তুলে ধরা হলো
‘পিলখানা ট্র্যাজেডির ওপর কিছু কথা: ২০০৯ সালের আজকের এই দিনটি জাতির জন্য এক বেদনাদায়ক করুণ ঘটনাবলির সাক্ষী। একে একে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমনকি পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে।
ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালে ক্ষমতা আরোহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার দায় তৎকালীন বিরোধী দলসমূহের ওপর চাপানোর নোংরা কসরতে নেমে পড়ে সরকার। ফলে ঘটনাটি হত্যাকাণ্ডের রহস্য চাপা পড়ে যায়।

অন্তর্বর্তী সরকারের আমলে একটি কমিশন কিছুটা তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তার আংশিক সত্য মনে হয় বের হয়ে এসেছে। সহকর্মীদের এমন নির্মম হত্যাকাণ্ডে সেদিন যারা প্রতিবাদ করেছিল, সেই সমস্ত সামরিক কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ নানাভাবে নাজেহাল করা হয়। যা ছিল অনেকটা মড়ার উপর খাঁড়ার ঘা।
আমরা আজ গভীর শ্রদ্ধার সঙ্গে সেই সমস্ত শহীদানদের স্মরণ করছি এবং তাদের আপনজন প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। যদিও এই শোক ভুলে যাওয়ার মতো নয়। তারপরেও মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সবর করার তাওফিক দান করুন এবং ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করুন। আমিন।’
আরটিভি/এসকে