বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৫ পিএম
আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, বদি ও আইভিসহ আওয়ামী লীগ-এর শীর্ষ নেতারা একে একে জামিন পাচ্ছেন এবং তাদের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, একদিকে এসব ‘গণশত্রু’ মুক্তি পাচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের গ্রেপ্তারের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের আন্দোলন মুছে ফেলার অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। যারা আজ ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের পথ তৈরি করছেন, তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এই আত্মঘাতী সিদ্ধান্তের পরিণতি থেকে কেউই রেহাই পাবে না; অচিরেই তারাই এই অপশক্তির শিকারে পরিণত হবেন।
ডাকসুর সাবেক এই ভিপি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকারঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।
সাদিক কায়েম বলেন, গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙুলি দেখিয়ে পুরোনো কায়দায় দলীয়করণ এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন মানে পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করা।
পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, এভাবে পরিস্থিতি চলতে থাকলে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভবুদ্ধির উদয় হওয়া জরুরি, নতুবা ইতিহাসের কাঠগড়ায় কাউকেই রেহাই দেওয়া হবে না।
আরটিভি/এসকে