images

রাজনীতি

আগের সরকারের গাফিলতিতে হামের টিকার সংকট: জাহেদ উর রহমান

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:০৪ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে দেশে এ ধরনের পরিস্থিতি না হয়, অন্তত বর্তমান সরকারের গাফিলতির কারণে যেন না হয়, সেই প্রচেষ্টা সর্বোচ্চভাবে করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘টিকাজনিত যে সংকট হয়েছিল, সেটা আসলে আমাদের ওপর এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল, এটা আগের সরকারের সময়ে হয়েছে। আমাদের সরকারের সময়ে খুব গুরুত্ব দিয়ে চেষ্টা করছি, এটা ট্যাকল করার জন্য, ফাইট করার জন্য।’

তিনি আরও বলেন, ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। ৩ মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হলো আগামী ২১ মের মধ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই পুরো কার্যক্রম সম্পন্ন করা।

উপদেষ্টা বলেন, ‘আমি আগেই বলেছি, এটা মূলত আগের সরকারের এ ক্ষেত্রে গাফিলতির কারণে এই সংকটটি তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, হাম সংক্রামক রোগ হওয়ায় সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, ‘শুরুতে বলেছি, এটা আমাদের অবহেলা বা আমাদের সংকট নয়। কিন্তু মর্মান্তিক ব্যাপার হচ্ছে, আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশই যথেষ্ট নয়, আমরা বুঝি। ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি না হয়, অন্তত আমাদের গাফিলতির কারণে যে না হয়, আমরা সেই প্রচেষ্টা সর্বোচ্চভাবে করব।’

আরটিভি/এসএস