মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ১০:৪৯ পিএম
সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা দেশের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে দলের অন্যান্য নেত্রীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত চিন্তা ভাবনা করেই সম্পন্ন করা হয়েছে। প্রবীণ ও নবীন রাজনীতিকদের সমন্বয়ে গঠিত এই তালিকা দেশের সংসদীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি বিশ্বাস করেন।
বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৩৬ জনকে মনোনীত করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সেলিমা রহমান দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, দলের সব স্তরের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে এই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। জাতীয় সংসদের প্রতিটি নারী সদস্য জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবার সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি পেয়েছে ৩৬ টি আসন এবং জামায়াত জোট পেয়েছে ১৩ টি আসন। এছাড়া স্বতন্ত্র জোট পেয়েছে একটি সংরক্ষিত আসন।
আরটিভি/এআর