শুক্রবার, ০১ মে ২০২৬ , ০২:২০ পিএম
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ প্রস্তাব তোলা হয় কয়েকজন জামায়াত নেতার পক্ষ থেকে।
এসময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। অবশ্য, আসন্ন মেয়র নির্বাচনে তার প্রার্থীতার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর যাকে অনুমোদন দেবেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেয়র প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করা হবে।
তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হবে। সেটি খুব শিগগিরই জানানো হবে। তবে, এখনও বিষয়টি কেন্দ্রীয় জামায়াতে ইসলামী থেকে অনুমোদিত হয়নি। সে কারণে আমরা নাম প্রকাশ আনুষ্ঠানিকভাবে করিনি। যদিও কেউ কেউ মেয়র পদে ডাকসু ভিপির নাম প্রচার করছেন।
এদিকে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
আরটিভি/টিআর