images

রাজনীতি

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়া নিয়ে যা বলছে শিবির

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৩:৪৩ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মর্মে সংবাদ প্রচার হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অনুষ্ঠানিক কোনো বিবৃতিতে দেওয়া না হলেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির মতে, এখন সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই।

শুক্রবার (১ মে) বাদ জুমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

আরও পড়ুন
juhg

একাত্তর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার

ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, শিবিরের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অতএব, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, এই সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন জামায়াতের কয়েকজন দায়িত্বশীল। 

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর যাকে অনুমোদন দেবেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেয়র প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করা হবে।

আরটিভি/এসআর