মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:০৫ পিএম
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান।
মঙ্গলবার (০৪ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাদিমুর রহমানের যোগদানের ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এদিন ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এনসিপিতে যোগ দেন।
এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতারাও দলটিতে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্য নেতারা। এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন, তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অতীতে যারা এমন প্রতারণা করেছে, তারা টিকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা চলছে, যা গ্রহণযোগ্য নয়। এছাড়া দ্রুত নির্বাচনের মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।
আসিফ বলেন, পশ্চিমবঙ্গে উগ্রপন্থিদের উত্থান ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শঙ্কা তৈরি করতে পারে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।
আরটিভি/এসআর