সোমবার, ১১ মে ২০২৬ , ০২:০৯ পিএম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদ দাবি করেছেন, শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।
রবিবার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ১১-দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। সংবাদমাধ্যমে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের খবর প্রকাশিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে এলডিপি চেয়ারম্যান বলেন, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। একই সঙ্গে দেশে সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরেন তিনি।
সরকারকে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললেও এলডিপি বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ওপর গুরুত্ব দিয়েছিল। গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে ‘জুলাই সনদ’কে বৈধতা দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সরকার গঠনের পর বিএনপি আগের অবস্থান থেকে সরে আসায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন কর্নেল অলি।
সেমিনারে সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহউদ্দিন আহমদ ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিলেও বিএনপি এখন তা নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চাইছে।
সেমিনারে আরও বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, সরোয়ার তুষার এবং মুহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
আরটিভি/এসকে