images

রাজনীতি

যুবদলের কমিটি ঘিরে জোর আলোচনা, সামনে সোহাগ ভূঁইয়ার নাম

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:০৯ পিএম

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সোহাগ ভূঁইয়া। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা সোহাগ ভূঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন তরুণ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিক উপস্থিতি তাকে যুবদলের গুরুত্বপূর্ণ পদের আলোচনায় নিয়ে এসেছে। 

২০১৩-১৪ সালে হরতাল অবরোধ কর্মসূচিতে সাহসী ভূমিকার কারণে প্রথম আলোচনায় আসেন সোহাগ। শাহজাহানপুর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সাংগঠনিক পরিচিতি তৈরি হয়। পরবর্তীতে মহানগরের পুনর্গঠিত কমিটিগুলোতে ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থান এবং সর্বশেষ ২০২৪ সালে মহানগর পূর্ব ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হন।  

আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে ৭৬টিরও বেশি মামলা দায়ের করা হয়। তার নাগাল পেতে পরিবারের ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে সোহাগ ভূঁইয়া গ্রেপ্তার হলে তাকে পাঁচ দিন গুম করে রাখা হয়। সে সময় অনেকেই আশঙ্কা করেছিলেন সোহাগ হয়তো আর জীবিত ফিরবেন না। 

বিভিন্ন মামলায় তিনি দশ বারের অধিক কারাবরণ করেন এবং দশ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত মামলায়ও তিনি কারাবাস করেছেন সোহাগ।

জুলাই গণঅভ্যুত্থানে শাহবাগ, খিলগাঁও, রামপুরাসহ বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছেন তিনি। রাজধানীর কাকরাইলে আন্দোলন করা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির বর্তমান রাজনীতিতে দীর্ঘদিন রাজপথে থাকা এবং নির্যাতনের শিকার নেতাদের মূল্যায়ন বাড়ছে। বিশেষ করে ছাত্রদল থেকে উঠে আসা নেতাদের যুবদলের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়ে কেন্দ্রীয়ভাবে একটি চিন্তাভাবনা রয়েছে। আর সেই হিসাব-নিকাশেই সোহাগ ভূঁইয়ার নাম এখন আলোচনার কেন্দ্রে।

আরও পড়ুন
0plm

‘জামায়াত-শিবির ধর্ষক জিসানের মতো সবসময় ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করে’

জানতে চাইলে সোহাগ ভূঁইয়া বলেন, দল আমাকে যে দায়িত্ব দেবে ইনশাল্লাহ সেটি আমি যথাযথভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে তিনি যে সিদ্ধান্ত নিবেন সেটাই চূড়ান্ত।

আরটিভি/এসএস