বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৭:৫১ পিএম
অপপ্রচার ও শিষ্টাচার-বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজধানীর পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বাঁশের লাঠি হাতে নেবেন বলে হুঁশিরারি দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই সদস্য সচিব বলেছেন, গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে দক্ষিণ যুবদল কিন্তু আবার বাঁশের লাঠি হাতে নেবে।
বুধবার (১৭ জুন) বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াতে ইসলামীকে হুঁশিয়ারি দিয়ে যুবদলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি, মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমরা বসে থাকবো না। যুবদল মাঠে থেকে সাংগঠনিকভাবে তা মোকাবিলা করবো।
এসময় জামায়াতকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক। এতে আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
আরটিভি/এসএইচএম