শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ১২:১৮ এএম
দেশের জনসাধারণ ও সর্বস্তরের আলেম-ওলামাসহ সবাইকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
হেফাজতের এই দুই নেতা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
এদিকে বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র-শিক্ষক নিয়ে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এ সময় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দ্বিনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।
এদিকে আজ বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায়ও ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ।
জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী।
জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ।
কুমিল্লা আশরফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।
আরটিভি/ এসকেডি