সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৭:৩৬ পিএম
আগামী ৫ আগস্ট ‘নাসরুম মিনাল্লাহ’ শিরোনামে এক শোকরিয়া র্যালি আয়োজন করেছে উলামা-জনতা ঐক্য পরিষদ।
রোববার (২ আগস্ট) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ র্যালির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘নাসরুম মিনাল্লাহ’ শিরোনামে এক শোকরিয়া র্যালি আগামী ৫ আগস্ট ২০২৬, বুধবার, বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণগেট থেকে অনুষ্ঠিত হবে।
পোস্টে আরও বলা হয়, মুহাররম (জুলাই) বিপ্লব ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মহান আল্লাহ এই ঘটনার মাধ্যমে এই ভূখণ্ডের মানুষকে এক ফেরাউনি রেজিম থেকে মুক্তি দান করেছিলেন। অকল্পনীয় এক দুঃশাসনের কবল থেকে নিস্তার পেয়েছিলো বাংলাদেশের মানুষ। তাই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং জাতিকে শুকরিয়ার আহ্বান জানাতে উলামা-জনতা ঐক্য পরিষদ আয়োজন করেছে 'নাসরুম মিনাল্লাহ শুকরিয়া র্যালি'।
আয়োজক সংগঠন উলামা জনতা ঐক্য পরিষদ, ঢাকা মহানগর জানিয়েছে, র্যালিতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার । এতে দেশের বিশিষ্ট আলিম-উলামা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিচারপতি, আইনজীবী, বুদ্ধিজীবী, ছাত্র-যুব প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
আয়োজকরা সর্বস্তরের ধর্মপ্রাণ ও সচেতন নাগরিককে যথাসময়ে উপস্থিত থেকে র্যালিকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
আরটিভি/ এসকেডি