রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৬ পিএম
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাপানে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫।
রোববার (২১ ডিসেম্বর) জাপান কোবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কোবে শহরের হায়োগো প্রিফেকচারাল নোজিগিকু হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন।
‘যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা’—এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিওটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কামরুল হাসানসহ কোবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা, জাতীয় সংগীত ও গণসংগীত, খেলাধুলা ও র্যাফেল ড্র অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে দেশীয় খাবারের বিশেষ ব্যবস্থাও ছিল, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসব পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে জাগিয়ে তোলে গভীর আবেগ, গর্ব ও ভালোবাসা—নিজের দেশ, নিজের পরিচয়ের প্রতি। প্রবাসে থেকেও মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও ঐক্যের শক্তিশালী বার্তা বহন করে এই আয়োজন নতুন বাংলাদেশের প্রত্যাশার প্রতীক হয়ে ওঠে।
আরটিভি/এফএ