মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৯:০২ পিএম
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার তরুণ প্রবাসী হাফিজ মাহমুদ হোসাইন (২৮)।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে কর্মস্থলে দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহমুদ হোসাইন জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালপুর (পীরকোণা) গ্রামের বাসিন্দা। তিনি জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম সাহেবের সন্তান। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার, স্বজন এবং পুরো জকিগঞ্জ উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে দুবাইয়ে কর্মরত অবস্থায় মাহমুদ হোসাইন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত এই তরুণের অমায়িক ব্যবহারের কারণে সহকর্মী ও পরিচিতজনদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে গ্রামের বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকাতুর বাবা মাওলানা রফিকুল ইসলাম ও পরিবারের অন্য সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন এলাকাবাসী।
এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান ও লেবার কাউন্সেলর আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সংশ্লিষ্ট তথ্যটি এখনও তাদের দপ্তরে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি। তবে তিনি আশ্বস্ত করেছেন যে প্রয়োজনীয় তথ্য ও বৈধ কাগজপত্র হাতে পাওয়া মাত্রই মরহুমের মরদেহ দ্রুত দেশে প্রেরণের ব্যবস্থা করা হবে।
আরটিভি/এআর