images

প্রবাস

ফ্লোরিডার এক জলাধারে মিলল খণ্ডিত মরদেহ, বৃষ্টির কি না জানতে চলছে ময়নাতদন্ত

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১২:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিনেলাস কাউন্টির এক জলাধারে একটি খণ্ডিত মরদেহ পেয়েছে সেখানকার পুলিশ। তাদের ধারণা, এটিই বৃষ্টির মরদেহ। তবে, মরদেহের প্রকৃত পরিচয় নির্ধারণে চলছে ময়নাতদন্ত। 

রোববার (২৬ এপ্রিল) রাতে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিনেলাস কাউন্টির ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের কাছের জলাধার থেকে একটি খণ্ডিত মানবদেহ উদ্ধার করা হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে। মরদেহটি এখন পিনেলাস কাউন্টির মেডিকেল এক্সামিনারের দপ্তরে রয়েছে এবং এখন পর্যন্ত নিশ্চিতভাবে পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি।

গত সপ্তাহে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতু থেকে উদ্ধারের পর তার রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। জামিলের মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হয়েছে। কিন্তু অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি।

যে স্থানে সবশেষ খণ্ডিত মরদেহটি উদ্ধার হয়েছে, সেটি খুব তাৎপর্যপূর্ণ। ইন্টারস্টেট ২৭৫ হলো সেই মূল সেতু করিডোর, যা টাম্পা থেকে সেন্ট পিটার্সবার্গ ও পিনেলাস কাউন্টিকে সংযুক্ত করে এবং এটি হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতুর খুব নিকটবর্তী। জামিলের ফোনের লোকেশন তথ্য এবং আবুগারবিয়েহর গাড়ির গতিবিধির সঙ্গে এই এলাকার সংযোগ তদন্তকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল।

তদন্তকারীদের মতে, ওই এলাকা থেকেই গত শুক্রবার নিখোঁজ ইউএসএফ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একইসঙ্গে আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তবে, উদ্ধার হওয়া দেহাবশেষ তার কি না—এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, এটি একটি সক্রিয় তদন্তের অংশ এবং পাবলিক অ্যাফেয়ার্স অফিস পরবর্তী আপডেট জানাবে। তবে, আনুষ্ঠানিক পরিচয় নির্ধারণের আগে কোনো নাম প্রকাশ করা হচ্ছে না।

এদিকে বাংলাদেশ দূতাবাস, নিহতদের পরিবার এবং নিউইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত পুরো বাংলাদেশি সম্প্রদায় এই মুহূর্তে উত্তরের অপেক্ষায়। জামিল ও বৃষ্টির দুই পরিবারসহ স্বজন, স্বদেশিরা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। পিনেলাস কাউন্টির মেডিকেল এক্সামিনারের দফতর যত দ্রুত সম্ভব পরিচয় নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল থেকে নিখোঁজ হন লিমন ও বৃষ্টি নামে দুই শিক্ষার্থী। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন বৃহস্পতিবার দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।

গত শুক্রবার নিখোঁজ শিক্ষার্থী জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফ্লোরিডার হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায়। তাদের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামের ২৬ বছরের আমেরিকান এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। তবে, হিশামকে গ্রেপ্তার করা হয়েছে তার পারিবারিক বাড়ি থেকে।

আরটিভি/এসএইচএম