images

প্রবাস

ইতালিতে ভাই খুনের নেপথ্যে বেরিয়ে এল রোমহর্ষক তথ্য

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৮:০৭ পিএম

ইতালির লেইজ শহরে ছোট ভাই নয়ন ফকিরকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। নিহত নয়ন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, পরকীয়া সম্পর্ক, দ্বিতীয় বিয়ে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা কাজ করেছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, হুমায়ুন ফকির প্রথম স্ত্রী থাকা অবস্থায় চাচাতো বোনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এই ঘটনায় পরিবারে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এমনকি দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার পর পরিবারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় এবং বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও ঘটে।

এছাড়া আর্থিক লেনদেন নিয়েও দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল বলে জানা যায়। পরিবার দাবি করেছে, হুমায়ুন ইতালিতে নেওয়ার খরচসহ বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে ভাই নয়নের সঙ্গে আর্থিক চাপ তৈরি করেন এবং পরে ৮ লাখ টাকা দাবি করেন।

ঘটনার দিন স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নয়ন ফকির তার ভাইয়ের বাসার নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে গেলে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হত্যার পর হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে ঘটনাটি পরিবারকে দেখান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ঘাতকের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করেছেন।

এ ঘটনায় নিহত ও অভিযুক্তের পরিবারে শোক ও উত্তেজনা বিরাজ করছে। তদন্ত চালিয়ে যাচ্ছে ইতালি পুলিশ।

আরটিভি/এসকে