সোমবার, ২৫ মে ২০২৬ , ০৭:৫৬ পিএম
কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৪ মে) কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র নিকট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এটিকে বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
জানা গেছে, বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার হিসেবে কুয়েতে পাঠানো হচ্ছে। পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম কুয়েতের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবেই এ সহায়তা দেওয়া হচ্ছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উদ্দেশে পাঠানো একটি পত্রও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পত্রে কুয়েতের জনগণের অব্যাহত শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনার পাশাপাশি দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বিদ্যমান আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, বন্ধুত্ব ও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচলসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণেও উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরটিভি/এমএম