মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০১:১২ পিএম
জাপানের কোবে শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরের নাগাতা এলাকার তাকাতোরিয়ামা-চো সড়কে হাঁটছিলেন দুই ব্যক্তি। এ সময় একটি হালকা ট্রাক তাদের ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয় এবং অপরজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক মো. রাহিম হোসাইন হিসেবে দাবি করা হচ্ছে। তিনি কানসাই আন্তর্জাতিক ভ্রমণ ও হোটেল বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ এখনো নিহত ব্যক্তির পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
এ ঘটনায় ট্রাকচালক নাগাতা এলাকার ৫৬ বছর বয়সী এক বেকার ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মামলাটি অবহেলাজনিত আহত করার অভিযোগ থেকে অবহেলাজনিত মৃত্যু ও আহত করার অভিযোগে পরিবর্তন করা হতে পারে বলে জানা গেছে।
আরটিভি/জেএমএ