বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১০:৫০ পিএম
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় ইঞ্জিনিয়ার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুর তোপের মুখে পড়েন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, টেবিলে ডাবের পানি পান করতে বসা শ ম রেজাউল করিমের সামনে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুসহ বেশ কয়েকজন উচ্চবাচ্যে ক্ষোভ প্রকাশ করছেন।
এ সময় সফিকুল ইসলাম রিবলু বিগত ১৭ বছরের গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে রেজাউল করিমের কাছে জবাব চান।
সেই সঙ্গে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের কথা উল্লেখ করে বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ছাত্রদল নেতা।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।
আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেই সঙ্গে একনেকেরও সদস্য হন তিনি।
তবে দ্বাদশ সংসদ নির্বাচনে এ কে এম এ আউয়াল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করেন। লড়াই করে
পিরোজপুর-১ আসনে আবারও বিজয়ী হন শ ম রেজাউল করিম। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে তার ব্যাপক লড়াই করতে হয়। তিনি ভোট পেয়েছিলেন ৮৫ হাজার ৪১০। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল পেয়েছিলেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।
আরটিভি/এসআর