images

ধর্ম

মক্কায় রাসুল (সা.)-এর জীবনী বিষয়ক আন্তর্জাতিক জাদুঘর উদ্বোধন

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ , ০৮:৪৪ পিএম

মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.) এর সীরাত ও ইসলামী সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘর উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ জাদুঘরের বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়ন ঘুরে দেখেন। প্রদর্শনীর মধ্যে ছিল রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, হিজরতের পথের মডেল এবং নববী চিকিৎসা বিষয়ক বিশেষ প্রদর্শনী।

জাদুঘর প্রকল্পটি মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে এবং মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এতে অত্যাধুনিক ভিজ্যুয়াল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দর্শনার্থীরা মক্কা ও মদিনায় রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারবেন।

জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম। যা একটি বহুভাষিক বৈজ্ঞানিক গ্রন্থাগার ও বিশ্বকোষ হিসেবে বিশ্বের প্রধান ভাষায় ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ প্রিন্স সাউদকে তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত এই জাদুঘর এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

সূত্র : এসপিএ, দ্য ইসলামিক ইনফরমেশন

আরটিভি/এসকে