শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:১৭ পিএম
ভারতের একটি পরিবার দারুণ এক বিরল ঐতিহ্যের মালিক হয়েছেন। প্রায় ৫০০ বছর পুরোনো স্বর্ণ মোড়ানো কোরআনের একটি কপি বর্তমানে দেশটির এক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হারিসের ঘরে সংরক্ষিত রয়েছে।
২০১৮ সালে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই বিশেষ কোরআন পাণ্ডুলিপিটি হারিসের স্ত্রী আয়েশা কাসিমকে উপহার হিসেবে দেয়া হয়। ২০০৯ সালে আয়েশার বড় ভাই ইসমাইল বিন কাসিম মালয়েশিয়া থেকে ‘গোল্ডেন টুলিং কোরআন’ উপহার দেন।
হারিস জানান, স্বর্ণের এই পাণ্ডুলিপিটি মোট ২৮টি অংশে বিভক্ত, যার প্রত্যেক অংশে ১৯ থেকে ২০টি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠায় পবিত্র কোরআনের আয়াত ক্যালিগ্রাফি করা রয়েছে। এই ২৮টি অংশ ১৪টি স্বর্ণের বাক্সে রাখা হয়, যার একটি বাক্স হারিসের কাছে এবং বাকি ১৩টি বাক্স তার স্ত্রীর ভাই ইসমাইল কাসিমের কাছে রয়েছে।
পাণ্ডুলিপির সঙ্গে থাকা নথি অনুযায়ী, এই কোরআন ১৬ থেকে ১৮ শতকের মধ্যে তৈরি হয়েছে। ধারণা করা হয়, অটোমান সাম্রাজ্যের শাসনকালীন সময়ে আরবরা এই কোরআন চীনে নিয়ে গিয়েছিলেন, এবং ১৯৭১ সালে এটি মালয়েশিয়ায় আনা হয়।
হারিস বলেন, বিরল এই কোরআন পাণ্ডুলিপিটি তিলাওয়াত করার সময় তাদের পরিবার ভীষণ প্রশান্তি অনুভব করে। বিশেষ করে রমজান মাসে তার স্ত্রী-সন্তানরা এই স্বর্ণ মোড়ানো কোরআন তিলাওয়াত করতে আনন্দ পান।
আরটিভি/এসকে