images

ধর্ম

কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞাসা করা হবে যে ৫ প্রশ্ন

বুধবার, ০১ অক্টোবর ২০২৫ , ০৬:৫২ পিএম

কিয়ামতের বিভীষিকাময় দিনে কেউ কারও কাজে আসবে না। সেদিন সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি (হায়! আমার অবস্থা, আমার অবস্থা)। এমনকি বাবা-মা, সন্তান, স্বজন কেউ কারও কথা ভাবার সময়ও পাবে না।

আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন,সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। (সুরা আবাসা, ৩৪-৩৭)

সেদিন মানুষের আমলই নির্ধারণ করবে তার চিরস্থায়ী ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। এমনকি মানুষের অঙ্গ-প্রত্যঙ্গও সাক্ষ্য দেবে তার কাজের পক্ষে বা বিপক্ষে। আল্লাহ বলেন, যেদিন তাদের জিহ্বা, হাত ও পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
(সুরা নূর, ২৪-২৫)

তাই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর হুকুম মানা ও রাসুল (সা.)-এর আদর্শ মেনে চলাই পরকালে মুক্তির একমাত্র পথ।

হাদিসে এসেছে ইবনু মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,কিয়ামতের দিন আদম সন্তানের পদদ্বয় তার রবের সামনে থেকে সরতে পারবে না, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞেস করা হবে—

.তার জীবন—সে কীভাবে তা অতিবাহিত করেছে।
.তার যৌবন—সে কী কাজে ব্যয় করেছে।
.তার সম্পদ—সে কোথা থেকে উপার্জন করেছে।
.তার সম্পদ—সে কোথায় ব্যয় করেছে।
.তার জ্ঞান—সে কীভাবে তা অনুযায়ী আমল করেছে।
(তিরমিজি, হাদিস: ২৪১৬)

তাই আমাদের সবার উচিত এই পাঁচ প্রশ্নের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ সেদিন কারও সুপারিশ বা অজুহাত কাজে আসবে না, কাজে আসবে কেবল ঈমান ও সৎ আমল। 

আরটিভি/এসকে