images

ধর্ম

বৃষ্টি নিয়ে কুরআনে যা বলা আছে

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৭:২৪ পিএম

বর্তমান তীব্র গরমে এক পশলা বৃষ্টি মানসিক ও শারীরিক স্বস্তি বয়ে আনে। বৃষ্টি মহান আল্লাহ তাআলার এক অপার নেয়ামত। পবিত্র কুরআনে বৃষ্টি নিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহর কুদরত, রহমত ও জীবনের অন্যতম উৎস হিসেবে এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে।

নিচে বৃষ্টি সম্পর্কে কুরআনের সাতটি গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরা হলো:

. সুরা আবাসা (২৪-৩২)

মানুষ যেন তার খাবারের প্রতি লক্ষ্য করে। আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি। তারপর ভূমিকে বিস্ময়করভাবে বিদীর্ণ করেছি। তারপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাকসবজি, জয়তুন, খেজুর, নিবিড় ঘন বাগান এবং ফলমূল ও ঘাসপাতা, তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য।

. সুরা বাকারা (২২)

তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এরপর তা দিয়ে তোমাদের জীবিকাস্বরূপ বিভিন্ন প্রকার ফলমূল উৎপন্ন করেন।

. সুরা কাফ (৪৫)

আমি আকাশ থেকে বর্ষণ করি বরকতপূর্ণ পানি, তারপর তার মাধ্যমে উদগত করি উদ্যানরাজি ও এমন শস্য, যা কাটা হয়ে থাকে। এবং সৃষ্টি করি এমন উঁচু খেজুর গাছ, যাতে গুচ্ছ গুচ্ছ দানা থাকে। (এসব) বান্দাদের জীবিকাস্বরূপ এবং (এমনিভাবে) আমি সেই পানি দিয়ে এক মৃত নগরকে সঞ্জীবিত করেছি।

. সুরা রাদ (১৭)

তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফলে নদীনালা নিজ সামর্থ্য অনুযায়ী প্লাবিত হয়েছে, তারপর পানির ধারা স্ফীত ফেনাগুলোকে উপরিভাগে তুলে এনেছে। এ রকমের ফেনা তখনও ওঠে, যখন লোকেরা অলংকার বা পাত্র তৈরির উদ্দেশ্যে আগুনে ধাতু উত্তপ্ত করে। আল্লাহ এভাবেই সত্য ও মিথ্যার দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে, যা ফেনা তা বাইরে পড়ে নিঃশেষ হয় আর যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায়।

. সুরা লুকমান (৩৪)

সন্দেহ নেই, আল্লাহর কাছেই রয়েছে কেয়ামতের ইলম। তিনিই বৃষ্টি বর্ষণ করেন। মাতৃগর্ভে যা আছে, তা কেবল তিনিই জানেন। কেউ জানে না- আগামীকাল সে কী করবে এবং কোথায় মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।

. সুরা নাহল (৬৫)

আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং জমির মৃত্যুর পর তা দিয়ে প্রাণসঞ্চার করেন। নিশ্চয়ই এতে নিদর্শন আছে এমন লোকদের জন্য, যারা কথা শোনে।

. সুরা ওয়াকিয়া (৬৮-৭০)

আচ্ছা বলো তো, যে পানি তোমরা পান কর, মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ কর, না আমিই বর্ষণ করে থাকি? আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি, অতএব কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?

বৃষ্টি কেবল পানি নয়, এটি আল্লাহর অসীম ক্ষমতা ও রহমতের নিদর্শন, যা জীবনে প্রাণ এনে দেয়, প্রকৃতিকে সজীব করে তোলে এবং মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর এই নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও স্মরণ সব সময় আমাদের থাকা উচিত।

আরটিভি/এসকে