সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৪ এএম
জ্যোতির্বিদদের তথ্য মতে, চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজানের চাঁদ দেখা যাবে না, এমনকি আধুনিক দূরবীন ও ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ শনাক্ত করা সম্ভব হবে না।
জ্যোতির্বিদরা জানান, মঙ্গলবার সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে যে অধিকাংশ অঞ্চলে চাঁদ সূর্যের আগে বা প্রায় একই সময়ে অস্ত যাবে, যা চাঁদ দেখা অসম্ভব করে তোলে। উদাহরণস্বরূপ, জাকার্তা ও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ সূর্যাস্তের আগে অস্ত যাবে, আর কায়রোতে সূর্যাস্তের পরও চাঁদ অস্ত চলে যাবে। চাঁদ ও সূর্যের মধ্যে কৌণিক দূরত্ব মাত্র ১ থেকে ২ ডিগ্রি হবে, যা চাঁদ দেখা জন্য যথেষ্ট নয়। ড্যাঞ্জন সীমা অনুযায়ী, ৭ ডিগ্রির কম কৌণিক দূরত্বে চাঁদ দেখা যায় না।
তবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিস্থিতি অনেক বেশি অনুকূল থাকবে। আবুধাবি, মক্কা, কায়রোসহ আরব বিশ্বের বড় অংশে সূর্যাস্তের পর দীর্ঘ সময় চাঁদ দৃশ্যমান থাকবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট। এজন্য বেশিরভাগ দেশ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু করবে।
বিশেষজ্ঞরা বলেন, যেখানে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যায়, সেখানে চাঁদ দেখা চেষ্টা করার কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে ইসলামী আইনবিদ এবং জ্যোতির্বিদরা একমত। সৌদি আরবের শীর্ষ আলেমসহ অনেকেই নিশ্চিত জ্যোতির্বিদ্যাগত তথ্যকে রমজান চাঁদ নির্ধারণে বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরটিভি/এসকে