মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১২ পিএম
সংযুক্ত আরব আমিরাতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৭০ মিলিয়ন দিরহামের মানবিক কর্মসূচি চালু করেছে দুবাইভিত্তিক দাতব্য সংস্থা বেইত আল খায়ের সোসাইটি। এই উদ্যোগের আওতায় দেশজুড়ে প্রায় ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।
সংস্থার লক্ষ্য হলো স্বল্প আয়ের পরিবার, জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয় মানুষ এবং সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালকে ‘পরিবারের বছর’ হিসেবে ঘোষণা করেছে।
সংস্থার মিডিয়া ও জনসংযোগ পরামর্শক খলিফা আল ফালাসি জানান, এবারের রমজান কর্মসূচির মূল লক্ষ্য হলো আর্থিক ও সামাজিক চাপের মধ্যে থাকা পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণ এবং পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
রমজান বাজেটের সবচেয়ে বড় অংশ, ২৬.৫ মিলিয়ন দিরহাম, বরাদ্দ রাখা হয়েছে জরুরি মানবিক সহায়তার জন্য। এর মধ্যে রয়েছে বকেয়া ভাড়া পরিশোধ, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ, চিকিৎসা ও ওষুধের ব্যয়, এবং উপার্জনক্ষম ব্যক্তি হারানো বা হঠাৎ আয় বন্ধ হয়ে যাওয়া পরিবারগুলোর সহায়তা।
ইফতার বিতরণের জন্য ইফতার সায়েম প্রকল্পে ১৮ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে। দেশের ৯৭টি স্থায়ী কেন্দ্র এবং ১৮টি রমজান তাবু থেকে পুরো রমজান মাসে ইফতার বিতরণ করা হবে। কেন্দ্রগুলো মাঠপর্যায়ের গবেষণার ভিত্তিতে শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপস্থিতি ও জনঘনত্ব বিবেচনায় নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও বিতরণ করা হবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও অংশীদারদের মাধ্যমে।
ইফতার ছাড়াও, রমজান খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ মিলিয়ন দিরহাম। স্বল্প আয়ের আমিরাতি পরিবারগুলোর জন্য মাসিক নগদ ও পণ্য সহায়তায় ৭.৬ মিলিয়ন, ঋণগ্রস্তদের জন্য ৬ মিলিয়ন, যাকাতুল ফিতরের জন্য ২.৫ মিলিয়ন, এবং ঈদিয়া বিতরণে ১.২ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে।
সংস্থার কর্মকর্তারা জানান, রমজানের মতো পবিত্র সময়ে এই সহায়তা মানুষের জীবনে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
সূত্র : খালিজ টাইমস
আরটিভি/এসকে