images

ধর্ম

রমজান মাসে বিয়ে করা যায় কি?

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৭ এএম

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সওয়াব অর্জনের অনন্য সময়। এ মাসে রোজা, ফরজ নামাজ, তারাবি ও কোরআন তিলাওয়াতে মুসলিমরা বেশি মনোযোগী হন। অনেকেই জানতে চান, রমজান মাসে কি বিয়ে করা যায়।

ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামি শরিয়তে রমজান মাসে বিয়ে করতে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং বছরের যে কোনো সময় বিয়ে করা জায়েজ।

তবে রোজাদারের জন্য ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। তাই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং রোজা নষ্ট হওয়ার আশঙ্কা নেই, তার জন্য রমজান মাসে বিয়ে করতে কোনো আপত্তি নেই।

ফুকাহাদের মতে, যদি কেউ মনে করেন যে রমজানে বিয়ে করলে ইবাদতে ব্যাঘাত ঘটবে, তাহলে সে নিজ ইচ্ছায় বিয়ে পিছিয়ে দিতে পারে।

রমজান মাসে বিয়ে করা ইসলামি দৃষ্টিকোণ থেকে জায়েজ, তবে রোজাদারের ইবাদতকে প্রভাবিত করবে না এমন পরিকল্পনা করা উত্তম।
 
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন।

অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ কর। আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। (সুরা বাকারা, আয়াত : ১৮৭) 


আরটিভি/এসকে