মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০৩ পিএম
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাস শুধু রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আত্মশুদ্ধি, তাওবা, কুরআন তিলাওয়াত, দোয়া-জিকির ও নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম সময় হিসেবেও বিবেচিত।
রমজান ছোটদের জন্য শুধু রোজা রাখার অনুশীলন নয়; বরং এটি চরিত্র গঠন, কৃতজ্ঞতা প্রকাশ এবং স্রষ্টার সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরির সুবর্ণ সময়। শৈশব থেকেই সহজ দোয়া মুখস্থ ও চর্চার অভ্যাস শিশুদের নৈতিক ভিত্তি মজবুত করে। কেননা শিশুর মন অত্যন্ত কোমল ও গ্রহণক্ষম। রমজানের বিশেষ আমেজ- সাহরি, ইফতার, তারাবি ও কোরআন তেলাওয়াত তাদের মনে গভীর ছাপ ফেলে। এই সময়ে শেখা দোয়াগুলো তাদের সারা জীবনের অভ্যাসে পরিণত হয়।
হাদিসে এসেছে, দোয়া হলো ইবাদতের মূল। (জামে তিরমিজি) রমজানের এই পবিত্র পরিবেশে শিশুদের হাতে অল্প কিছু দোয়ার ঝুলি তুলে দিলে, তা হতে পারে তাদের জীবনের বড় পাথেয়।
রমজানে শিশুদের জন্য উপযোগী ৪টি সহজ ও মাসুনন দোয়া নিচে তুলে ধরা হলো-
ইফতারের দোয়া
রমজানের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো ইফতার। এ সময় দোয়ার বিশেষ ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না।’ (সুনানে ইবনে মাজাহ: ১৭৫৩) শিশুদের ইফতারের সময় নিচের ছোট্ট দোয়াটি শেখানো যেতে পারে-
আরবি: اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। (আবু দাউদ: ২৩৫০)
এক্ষেত্রে আবু দাউদের ২৩৫৭ নম্বর দোয়াটিও শেখানো যেতে পারে-
আরবি: ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ: জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থ: তৃষ্ণা দূর হয়েছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ চাইলে পুরস্কার নির্ধারিত হয়েছে।
ঘুমের আগের দোয়া
শিশুদের প্রতিদিন ঘুমের আগে আল্লাহর স্মরণে অভ্যস্ত করা গুরুত্বপূর্ণ। এতে তাদের মধ্যে এক ধরণের আধ্যাত্মিক নিরাপত্তাবোধ তৈরি হয়।
আরবি: اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হবো। (বুখারি: ৬৩২৪)
খাবার শুরুর দোয়া
খাবারের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামের অন্যতম মৌলিক আদব। শিশুদের এই ছোট্ট শব্দটির মাধ্যমেই দোয়ার গুরুত্ব বোঝানো শুরু করা যায়।
আরবি: بِسْمِ اللَّهِ
উচ্চারণ: বিসমিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি।
হাদিসে নির্দেশ এসেছে ডান হাতে এবং আল্লাহর নাম নিয়ে খাবার খেতে। (সহিহ বুখারি: ৫৩৭৬)
জ্ঞান বৃদ্ধির দোয়া
রমজান যেহেতু শিক্ষা ও কোরআন নাজিলের মাস, তাই শিশুদের পড়াশোনায় বরকতের জন্য এই দোয়াটি শেখানো অত্যন্ত কার্যকর।
আরবি: رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।
অর্থ: হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা ত্বহা: ১১৪)
আরটিভি/এমআই