images

ধর্ম

পবিত্র রমজানে জুমার দিনের বিশেষ ফজিলত

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৮ এএম

পবিত্র মাহে রমজান মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদির জন্য এক বিশেষ উপহার। এই মাসের প্রতিটি মুহূর্তই বরকতময়, তবে রমজানের জুমাবার মুসলমানদের কাছে এক ভিন্ন মাত্রা ও তাৎপর্য নিয়ে আসে। ইসলামের দৃষ্টিতে জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যাকে ‘সাপ্তাহিক ঈদ’ হিসেবে অভিহিত করা হয়েছে। রমজানের এই পবিত্র দিনটিতে ইবাদতের সওয়াব অন্য সময়ের তুলনায় বহুগুণ বেড়ে যায়। 

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা জুমার দিনের গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেছেন, “মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝ।” (সূরা আল জুমু‘আ : ০৯)

আরও পড়ুন
Itekaf02666

রমজানে ইতিকাফ যেভাবে করতে হয়

আল্লাহর এই নির্দেশ পালন করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। রমজান মাসে যখন একজন রোজাদার ব্যক্তি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় জুমার সালাতে শরিক হন, তখন তার অন্তরে এক স্বর্গীয় প্রশান্তি অনুভূত হয়। জুমার দিনের বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে সূরা কাহাফ তিলাওয়াত করা, যা পরবর্তী জুমা পর্যন্ত মুমিনের জীবনকে নূর দিয়ে আলোকিত করে রাখে।

হাদিসে এসেছে, শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, "সপ্তাহের সেরা দিন হলো শুক্রবার। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কেয়ামতও শুক্রবারেই সংঘটিত হবে।" (সহিহ মুসলিম)

রমজানের জুমার নামাজের বিশেষ ফজিলত
১. গুনাহ মাফের সুযোগ – হাদিসে বলা হয়েছে, জুমার দিনে সৎ আমল করলে তা এক সপ্তাহের গুনাহ মাফের কারণ হয়। রমজানের জুমা পালন করলে এই সওয়াব আরও বহুগুণে বেড়ে যায়।

২. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত – শুক্রবার এমন একটি মুহূর্ত আছে, যখন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, তবে তা কবুল হয়। রমজানের জুমায় এই সুযোগ আরও বেশি পাওয়া যায়।

৩. ফরিশতাদের সাক্ষী হওয়া – হাদিসে এসেছে, জুমার দিন সকাল থেকেই ফেরেশতারা মসজিদের দরজায় বসে থাকেন এবং যারা আগে আসেন, তাদের নাম লিখে রাখেন। রমজানের জুমার দিন এটি আরও বেশি বরকত নিয়ে আসে।

৪. রহমত ও নাজাত লাভের সুযোগ – রমজান এমনিতেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। যারা এই দিনে খুশু-খুজু সহকারে জুমার নামাজ আদায় করেন, তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেন।

রমজানের জুমার দিন হলো এমন এক সুবর্ণ সুযোগ, যেখানে গুনাহ মাফ, দোয়া কবুল ও জান্নাত লাভের সম্ভাবনা বেড়ে যায়। তাই এই দিনটিকে যথাযথভাবে পালন করা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ।

আরটিভি/এআর