বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৭:০৫ পিএম
চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ অনুযায়ী ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।
সংযুক্ত আরব আমিরাত সরকারের তথ্যমতে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। ইসলামী বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় এবং এর আগের দিন পালিত হয় আরাফাত দিবস।
এই হিসাব অনুযায়ী, মঙ্গলবার (২৬ মে) হজ অনুষ্ঠিত হতে পারে এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়কে কেন্দ্র করে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে দেশটি।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিন্নতার কারণে সাধারণত বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার (২০২৬) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
আরটিভি/এসকে