রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০১:২৭ পিএম
হজ মৌসুমকে সামনে রেখে কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।
এতে বলা হয়, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা সেখানে অবস্থান করার চেষ্টা করলে তা আইনত দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এসময় শুধুমাত্র হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র ব্যক্তিরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাবে।
অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে বড় ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। ভিজিট ভিসাধারীরা হজ পালন করতে মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করার চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এছাড়া, অনুমতি ছাড়া হজ পালন করতে গিয়ে ধরা পড়লে দেশটি থেকে নির্বাসিত করা হবে। সেইসঙ্গে পরবর্তী ১০ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এই ব্যবস্থার অংশ হিসেবে ওমরাহযাত্রীদের সৌদি ত্যাগের সময়সীমাও কার্যকর করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ছিল ওমরাহ পালনকারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন।
এর আগে, ১২ এপ্রিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, পবিত্র হজ পালনের জন্য একমাত্র হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়। বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় আরও জানায়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না।
আরটিভি/এসএইচএম