শনিবার, ০২ মে ২০২৬ , ১১:৩৯ এএম
জীবন-মৃত্যু আল্লাহর নির্ধারিত বাস্তবতা। পবিত্র কুরআনে বলা হয়েছে, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে…” (সুরা আল ইমরান, আয়াত ১৮৫)। মৃত্যুর পর মানুষের চূড়ান্ত গন্তব্য হয় জান্নাত বা জাহান্নাম, যা তার আমলের ভিত্তিতে নির্ধারিত হয়।
এ প্রসঙ্গে একটি হাদিসে উল্লেখ আছে, মৃত্যুর পর মৃত ব্যক্তিকে তার মূল ঠিকানা জান্নাত বা জাহান্নাম দেখানো হয় এবং তাকে বলা হয়, এটিই তোমার অবস্থান। (তিরমিজি, হাদিস: ১০৭২)
অনেক মানুষ বাস্তব জীবনে স্বপ্নে মৃত বাবা-মা, আত্মীয়-স্বজন বা পরিচিতদের দেখতে পান। এ বিষয়ে ইসলামি আলেমরা জানান, এমন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে এবং এটি সবসময় নিশ্চিত কোনো বার্তা নয়।
ইসলামি আলোচনায় শায়খ আহমাদুল্লাহর মতে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার ক্ষেত্রে সাধারণত দুটি দিক থাকতে পারে একটি ইতিবাচক এবং অন্যটি অস্বস্তিকর।
যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তিকে কষ্টে বা অস্বস্তিকর অবস্থায় দেখেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। পাশাপাশি মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করা, সদকা করা এবং তার কল্যাণে নেক আমল করা উত্তম।
অন্যদিকে, যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে শান্ত, হাস্যোজ্জ্বল বা ভালো অবস্থায় দেখা যায়, তবে তা আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনামূলক ইঙ্গিত হিসেবে ধরা হয়। এ ক্ষেত্রে শুকরিয়া আদায় করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা উত্তম।
তবে ইসলামি স্কলাররা সতর্ক করে বলেন, স্বপ্ন কখনোই শরিয়তের চূড়ান্ত দলিল নয়। তাই কোনো খারাপ স্বপ্ন দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। বরং সব অবস্থায় মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ভালো কাজ করা এবং ইতিবাচক ধারণা রাখা ইসলামের শিক্ষা অনুযায়ী উত্তম।
আরটিভি/এসকে