বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৮:৩৯ পিএম
ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি তোমার রবের উদ্দেশে নামাজ আদায় করো এবং কোরবানি করো। (সুরা আল-কাউসার: ২)। এই ইবাদত প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন মুসলিম নারী-পুরুষের ওপর নির্দিষ্ট শর্তে ওয়াজিব হয়।
প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে নানা মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা দেখা যায়। এর মধ্যে একটি সাধারণ প্রশ্ন হলো নারীরা কি নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করতে পারবেন?
ইসলামি ফিকহের ব্যাখ্যা অনুযায়ী, নারী যদি জবাইয়ের নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞাত হন এবং শরিয়তসম্মতভাবে পশু জবাই করতে সক্ষম হন, তাহলে তিনি নিজের কোরবানির পশু নিজেই জবাই করতে পারবেন। বিশেষ করে পর্দা ও শালীনতা বজায় রাখার শর্ত পূরণ হলে এ কাজটি বৈধই শুধু নয়, নির্দিষ্ট অবস্থায় উত্তমও হতে পারে।
এ বিষয়ে রাজধানীর জামিয়া ইসলামিয়া বায়তুস সালাম (মিরপুর-১২)-এর সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী বলেন, কোনো নারী যদি জবাইয়ের বিধান সম্পর্কে অবগত থাকেন এবং সঠিকভাবে পশু জবাই করতে পারেন, পাশাপাশি পর্দা লঙ্ঘন না হয় এমন পরিবেশে তা সম্পন্ন করেন, তাহলে নিজের কোরবানির পশু নিজে জবাই করা তার জন্য উত্তম।
ইসলামি ফিকহ গ্রন্থসমূহেও এ বিষয়ে দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। যেমন আল-মুহিতুল বুরহানি এবং ফাতাওয়া তাতারখানিয়া গ্রন্থে কোরবানির আহকাম ও সংশ্লিষ্ট বিধান আলোচনা করা হয়েছে। এছাড়া আদ-দুররুল মুখতার, আল-বিনায়া এবং ফাতাওয়া কাসিমিয়্যাহ-তেও নারীদের জবাই সংক্রান্ত শরয়ি অবস্থান ও শর্তসমূহ উল্লেখ রয়েছে।
সার্বিকভাবে ইসলামি আলেমদের মতে, জবাইয়ের সক্ষমতা থাকলে এবং শরিয়তের শর্তাবলি রক্ষা করা গেলে নারীদের জন্য নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা বৈধ।
আরটিভি/এসকে